স্ত্রী দাবি করলেই বকেয়া দেনমোহর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর স্ত্রী দাবি করলে তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে বলে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। দেনমোহর আদায়ের জন্য স্ত্রীকে বিবাহবিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর মতো কোনো ঘটনার জন্য অপেক্ষা করতে হবে না।
দেনমোহর সংক্রান্ত একটি দেওয়ানি রিভিশন মামলার নিষ্পত্তি করে বিচারপতি আব্দুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ও পর্যবেক্ষণ দেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।
পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেন, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো স্বামী দেনমোহর পরিশোধে অযথা বিলম্ব করলে এবং স্ত্রীকে তা আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করলে সংশ্লিষ্ট বিচারিক আদালত মূল দেনমোহরের পাশাপাশি স্ত্রীকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবে।
আদালত আরও বলেন, দেওয়ানি চুক্তি বা আইনের সুস্পষ্ট ব্যত্যয় ঘটিয়ে কোনো আদালত দেনমোহরের নির্ধারিত অর্থ কমানো, হ্রাস করা বা মওকুফ করার এখতিয়ার রাখে না।
বিদ্যমান মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালায় বকেয়া দেনমোহরের বিষয়টি উল্লেখ থাকলেও তা কখন পরিশোধ করতে হবে, সে বিষয়ে এতদিন সুস্পষ্ট আইনি ব্যাখ্যা ছিল না। এ কারণে বিবাহবিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর পরই কেবল বকেয়া দেনমোহর দাবি করা যায়—এমন একটি ধারণা সমাজে প্রচলিত ছিল।
হাইকোর্টের রায়ে সেই আইনি অস্পষ্টতা দূর হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। রায়ে পবিত্র কোরআনের বিভিন্ন সূরার প্রাসঙ্গিক আয়াতের উল্লেখ করে আদালত বলেন, ইসলামে দেনমোহর বকেয়া রাখা বা পরিশোধে অযথা বিলম্বের সুযোগ নেই। এটি স্ত্রীর তাৎক্ষণিক ও অবিচ্ছেদ্য অধিকার।
মামলার আইনজীবী ব্যারিস্টার ইশরাত হাসান রায়টিকে নারীর অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তার মতে, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো স্বামী যেন দেনমোহর পরিশোধে টালবাহানা করতে না পারেন, এ রায় সেই বিষয়টি স্পষ্ট করেছে। নারীর সামাজিক ও আর্থিক নিরাপত্তার ক্ষেত্রেও রায়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।