মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › আইন ও আদালত › বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তাকর্মী লাঞ্ছনার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তাকর্মী লাঞ্ছনার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

favicon
ভোরের আলো ডেস্ক:
বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তাকর্মী লাঞ্ছনার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।


রোববার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


জামিন নামঞ্জুরের পর আদালত চত্বরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা আদালত চত্বরে বহিরাগতদের উপস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তোলেন। একপর্যায়ে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে আইনজীবীদের তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।


এর আগে দুপুরে এক দিনের রিমান্ড শেষে আখতারুজ্জামানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন মামলার তদন্তকারী কর্মকর্তা তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।


মামলার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশের একটি ফ্লাইটে জামায়াতে ইসলামীর ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল সপরিবারে মদিনা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ওই সময় বিমানবন্দরে আগমনকারী যাত্রীর চাপ বেশি থাকায় ট্রলি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়।


অভিযোগ রয়েছে, কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভেঙে ট্রলি সংগ্রহের চেষ্টা করেন। পরে লাগেজ আসতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কয়েকজন উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তাঁরা অশোভন আচরণ করেন বলে অভিযোগ করা হয়।


ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মামলা করা হয়। সেই মামলায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।