বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় এক দিনের রিমান্ডে আখতারুজ্জামান
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সকালে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পক্ষ থেকে আখতারুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড শুনানিতে আখতারুজ্জামান ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করেন। মামলা থানায় নথিভুক্ত হওয়ার আগেই গোয়েন্দা পুলিশ তাঁর বাসায় উপস্থিত হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
দুপুরে তাঁকে আদালতে নেওয়ার সময় প্রিজন ভ্যান থেকে নেমে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এ সময় তিনি মাথার হেলমেট ছুড়ে ফেলেন। অন্যদিকে আদালত চত্বরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্লোগান দেন।
এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ডিওএইচএসে নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা।
মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সৌদি আরবের মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীরা নামার পর আট নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। লাগেজ পেতে বিলম্ব হওয়ায় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। এজাহারে অভিযোগ করা হয়েছে, পরিস্থিতি শান্ত করার সময় আখতারুজ্জামান তাঁর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং তাঁকে গালিগালাজ ও হুমকি দেন।
এসব অভিযোগের ভিত্তিতে করা মামলায় পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।