রবিবার , ০১ নভেম্বর ২০২৬
রবিবার , ০১ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › তাহসিফ সৌরির মৃত্যু: দীপকে আদালতে হাজির, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফ সৌরির মৃত্যু: দীপকে আদালতে হাজির, ৭ দিনের রিমান্ড আবেদন

favicon
ভোরের আলো ডেস্ক:
তাহসিফ সৌরির মৃত্যু: দীপকে আদালতে হাজির, ৭ দিনের রিমান্ড আবেদন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আদালতে হাজির করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। এ সময় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।


এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় মামলা করেন। ওই মামলায় দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


ছেলের মৃত্যুর সুষ্ঠু বিচার চান বাবা


নিহত তাহসিফের বাবা সাংবাদিকদের বলেন, ছেলের এমন মৃত্যু তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার মাধ্যমে অনুসন্ধান চালানো এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।


নদীতে ঝাঁপ দেওয়ার দাবি দীপের


ঘটনাস্থল পরিদর্শন শেষে শুক্রবার মধ্যরাতে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এদিকে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।


দীপের দাবি, ইউনিফর্ম পরিহিত দুই ব্যক্তির ধাওয়া খেয়ে তাহসিফ নদীতে ঝাঁপ দিয়েছিলেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।


২৮ অক্টোবর উদ্ধার হয় মরদেহ


গত ২৮ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তরখান থানাধীন তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগে ২৭ অক্টোবর মধ্যরাত থেকে নিখোঁজ ছিলেন বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তা।


উদ্বেগ প্রকাশ করেছে রাওয়া ক্লাব


তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাব।


সংগঠনটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, দেশবাসীর মতো রাওয়ার সাবেক সেনা কর্মকর্তারাও চান, এ ঘটনার প্রকৃত সত্য দ্রুত উদ্‌ঘাটিত হোক।