যুক্তরাজ্যে সফররত ইউনূসের সঙ্গে তারেকের সৌজন্য সাক্ষাৎ ১৩ জুন
যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ জুন লন্ডনের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (৯ জুন) বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির দুই স্থায়ী কমিটির সদস্য যমুনা টেলিভিশনকে জানান, এই বৈঠকে মূলত নির্বাচন ও রাজনৈতিক সংস্কার ইস্যু গুরুত্ব পাবে। স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রস্তাবিত কিছু সুপারিশ তারেক রহমানের মাধ্যমে উপদেষ্টার কাছে পৌঁছানো হবে।
বৈঠকে দলের অভ্যন্তরীণ কিছু সংস্কারসংক্রান্ত জটিলতার সমাধানের আশাও প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার (১০ জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ ব্রিফ করবেন।
এদিকে, চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
এর আগে, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক জানিয়েছিলেন, লন্ডন সফরে ড. ইউনূসের ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক হবে। তিনি কমনওয়েলথ ও আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (IMO) মহাসচিবদের সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান তুলে ধরবেন।
এছাড়া, ১১ জুন ড. ইউনূস লন্ডনের চ্যাথাম হাউসে একটি বিশেষ বক্তৃতা দেবেন বলে জানা গেছে।