পাঁচ দেশে নতুন কূটনৈতিক মিশন খুলছে বাংলাদেশ
বাণিজ্য সম্প্রসারণ ও কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে পাঁচটি নতুন দেশে মিশন খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (১৬ জুন) অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
পোস্টে জানানো হয়, চলমান বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তন, আন্তর্জাতিক অর্থনৈতিক বাস্তবতা এবং এলডিসি থেকে উত্তরণের পরিপ্রেক্ষিতে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংযোগ জোরদার করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করাও লক্ষ্য।
যেসব শহরে নতুন মিশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো হলো:
আয়ারল্যান্ডের ডাবলিন
নরওয়ের অসলো
আর্জেন্টিনার বুয়েনস আইরেস
জার্মানির ফ্রাঙ্কফুর্ট
ব্রাজিলের সাওপাওলো
বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশন রয়েছে। নতুন এই মিশনগুলো চালু হলে তা বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক ও অর্থনৈতিক উপস্থিতিকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।