মিনিকেট থেকে বিআর-২৮—সব চালের দাম ঊর্ধ্বমুখী
চালের বাজারে অস্থিরতা কমছে না। মিলগেট, পাইকারি ও খুচরা—সব স্তরেই বাড়তি দামে চাল কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, বাম্পার ফলনের পরও কোনো স্পষ্ট কারণ ছাড়াই চালের দাম ক্রমাগত বাড়ছে।
শুক্রবার (৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মিনিকেট চালের প্রতি বস্তার দাম বেড়েছে সাড়ে ৩শ থেকে ৪শ টাকা পর্যন্ত। বিআর-২৮ ও পাইজাম জাতের চালেও প্রতি বস্তায় দাম বেড়েছে ২শ টাকা পর্যন্ত।
ঈদুল আজহার পর থেকে মিনিকেটসহ অন্যান্য সরু, মাঝারি ও মোটা চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত। বর্তমানে এক কেজি মিনিকেট চাল কিনতে হচ্ছে ৮০-৮৫ টাকা, আর মাঝারি মানের চাল কিনতে হচ্ছে ৬০-৬৫ টাকা দরে।
চালের বাজারে স্থিতিশীলতা ফেরাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা খাদ্য বিভাগ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালালেও এর কার্যকর ফল মিলছে না বলে অভিযোগ রয়েছে। খুচরা বিক্রেতারা বলছেন, মূল নিয়ন্ত্রণ করতে হলে মিলগেট ও বড় আড়তগুলোতে তদারকি বাড়ানো জরুরি।