বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমজাতীয়সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা আর নেই

favicon
ভোরের আলো ডেস্ক:
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। শনিবার (৫ জুলাই) রাজধানীর গুলশানে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।


বর্তমানে তার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার মেয়ে দেশে ফিরলে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


এ টি এম শামসুল হুদা ১৯৪৩ সালের ১০ জুলাই জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে মাধ্যমিক এবং ১৯৬০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।


১৯৬৬ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। প্রশাসনিক জীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, পানি সম্পদ এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন তিনি।


২০০৭ সালে ওয়ান ইলেভেন-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বাধীন কমিশন ছবিসহ ভোটার তালিকা ও স্বচ্ছ ব্যালট বাক্স চালু করে, যা বাংলাদেশে নির্বাচন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার হিসেবে বিবেচিত হয়।


২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন তার কমিশনের অধীনেই অনুষ্ঠিত হয়। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন মুহাম্মদ ছহুল হোসাইন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।


তার মৃত্যুতে দেশের নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ এক সংস্কারকের অবসান ঘটলো।