হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশের নতুন মাইলফলক: বিনামূল্যে প্রাইমারি পিসিআই
এখন থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক জরুরি চিকিৎসা ‘প্রাইমারি পিসিআই’ (Primary PCI) সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। পাশাপাশি, সরকারি খরচে রিং বসানোর ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রাইমারি পিসিআই হলো হার্ট অ্যাটাকের (Acute STEMI) পর প্রথম ১২ ঘন্টার মধ্যে রোগীকে ক্যাথ ল্যাবে নিয়ে ব্লক হয়ে যাওয়া রক্তনালী খুলে দেওয়া। মূলত রিং স্থাপন করেই এটি করা হয়।
হৃদরোগ চিকিৎসায় এটি শুধু বাংলাদেশের নয়, গোটা দক্ষিণ এশিয়ায় একটি যুগান্তকারী উদ্যোগ।
এই সেবার মাধ্যমে সাধারণ মানুষের জন্য একটি বড় ভরসার জায়গা তৈরি হয়েছে। কারণ আগে এই চিকিৎসা প্রাইভেট হাসপাতালে করাতে ২-৪ লাখ টাকা পর্যন্ত খরচ হতো। এখন বিনা খরচেই এটি সম্ভব।
৩৯তম বিসিএসের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মারুফ রায়হান খান বলেন, ‘‘আমরা অনেক সময় দেখি, মানুষ না জানার কারণে এই জরুরি আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়। কেউ কেউ মারা যান, কেউ আজীবন নানা জটিলতায় ভোগেন। তাই সবাইকে জানাতে হবে— হার্ট অ্যাটাকের ১২ ঘণ্টার মধ্যে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে এলে টাকা পয়সার চিন্তা ছাড়াই চিকিৎসা পাবেন।’’
তিনি আরও জানান, বাংলাদেশের কার্ডিওলজিতে এখন প্রায় সব ধরনের চিকিৎসা হয় এবং তা মানসম্পন্ন। ভারতের সঙ্গেও তুলনা করা যায়।
ডা. মারুফ সবার প্রতি আহ্বান জানান, এই সুফলটি ছড়িয়ে দিতে, যাতে কেউ এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। হৃদরোগের জরুরি চিকিৎসায় এটি দেশের স্বাস্থ্যখাতের একটি বড় পরিবর্তন বলে উল্লেখ করেন তিনি।
ডা. মারুফ রায়হান খান
৩৯ তম বিসিএসের চিকিৎসক
হৃদরোগ বিশেষজ্ঞ