চাঁদপুরের শাহরাস্তিতে একটি গুদামে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, ঢাকার সাভার ও কেরানীগঞ্জ থেকে ছয়জন এবং লক্ষ্মীপুর থেকে একজনকে বুধবার রাতে গ্রেফতার করা হয়।
গত ৮ জুলাই রাতে শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজার এলাকায় ‘পাটোয়ারী এন্টারপ্রাইজ’ নামক একটি গুদামে দারোয়ানকে বেঁধে রেখে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে ডাকাত দল।
পুলিশ সুপার জানান, এ চক্রটি দেশের বিভিন্ন এলাকায় শিকার খুঁজে পরিকল্পিতভাবে ডাকাতি করে। ঘটনার পর তারা লুট করা মালামাল বিক্রি করে দেয়। অভিযানে তিনটি মোবাইল ফোন, নগদ অর্থ ও কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের সহায়তায় শাহরাস্তি থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। গ্রেফতারদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুর সদরের দেলোয়ার (৪০), কেরানীগঞ্জের আব্দুল মালেক আকন (৬০), কুষ্টিয়ার সোহেল রানা ওরফে শাওন (৩৯) এবং আশুলিয়ার সাহাবউদ্দিন সাবু (৩২)। বাকি তিনজন ঢাকা জেলা পুলিশের হেফাজতে আছেন।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ঘটনায় ভুক্তভোগী এমরান হোসেন ৮-১০ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার চারজনকে আদালতে তোলা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।