মাইলস্টোন ট্রাজেডি: দগ্ধ শিক্ষার্থী মাহতাবের মৃত্যু, নিহত বেড়ে ৩০
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম মাহতাব রহমান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১টা ৫০ মিনিটে মাহতাব শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
ইংরেজি মাধ্যমের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মাহতাব কুমিল্লার দেবিদ্বার উপজেলার মিনহাজুর রহমানের একমাত্র ছেলে। সে পরিবারের সঙ্গে উত্তরায় বসবাস করত।
বার্ন ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিইউতে ভর্তি থাকা মাহতাবের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত মোট ৩০ জনের মৃত্যু হয়েছে।