শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › গোপালগঞ্জে সহিংসতা: তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের কমিশন

গোপালগঞ্জে সহিংসতা: তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের কমিশন

favicon
অনলাইন সংস্করণ
গোপালগঞ্জে সহিংসতা: তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের কমিশন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে ছয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে সরকার। সাবেক বিচারপতি ড. মো. আবু তারিককে সভাপতি করে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে—জানিয়েছে বাসস।


কমিশনের বাকি সদস্যরা হলেন—জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম, ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সরদার নূরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী।


শুক্রবার (২৫ জুলাই) এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, কমিশনের দায়িত্ব হবে—ঘটনার মূল কারণ চিহ্নিত করা, দায়ী ব্যক্তি বা সংগঠন শনাক্ত করা, আইনানুগ ব্যবস্থা গ্রহণে সুপারিশ প্রদান, সরকারি স্থাপনায় হামলা ও নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয় বিশ্লেষণ করা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে মতামত দেওয়া।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিশনকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা ও ব্যয় নির্বাহ করবে এবং প্রয়োজনে যেকোনো সরকারি কর্মকর্তা/ব্যক্তিকে কমিশনের সহায়তায় নিয়োগ দিতে পারবে। কমিশন চাইলে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতেও পারবে।


তদন্ত কার্যক্রম শেষ করে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন সপ্তাহের মধ্যে কমিশনকে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে হবে।


উল্লেখ্য, সরকার গত ১৬ জুলাই ‘দ্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ এর ৩ নম্বর ধারা অনুযায়ী এই তদন্ত কমিশন গঠন করে।