রিয়াদের মায়ের অর্থ সহায়তার দাবি মিথ্যা: আস-সুন্নাহ ফাউন্ডেশন
গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে পাকা ভবন নির্মাণে অর্থ সহায়তা নিয়ে তার মা রেজিয়া বেগমের দাবি সঠিক নয় বলে জানিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এক বিজ্ঞপ্তিতে ফাউন্ডেশনটি পরিষ্কারভাবে জানিয়েছে, রিয়াদের পরিবারকে তারা কোনো ধরনের সহায়তা দেয়নি।
রেজিয়া বেগম গণমাধ্যমকে বলেন, বন্যার পর ঘর নির্মাণে টিন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাছ থেকে ৫০ হাজার টাকা সহায়তা পেয়েছেন তারা। কিন্তু ফাউন্ডেশনের দাবি, এই তথ্য পুরোপুরি মিথ্যা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশনের রেকর্ড অনুযায়ী সেনবাগ উপজেলার ওই ইউনিয়নে আবদুর রাজ্জাক (রিয়াদ), তাঁর বাবা আবু রায়হান বা মা রেজিয়া বেগম—এই তিনজনের কেউই উপকারভোগীদের তালিকায় নেই। এমনকি রিয়াদ বা তাঁর পরিবারের কারো বিকাশ নম্বরেও কোনো লেনদেনের রেকর্ড পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গুলশানে আওয়ামী লীগের নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবি করতে গিয়ে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, রিয়াদের পরিবার সম্প্রতি একটি পাকা ভবন নির্মাণ করছে। এই তথ্য প্রকাশ পেলে গণমাধ্যমের সামনে রেজিয়া বেগম দাবি করেন, তারা ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা পেয়েছেন। তবে আস-সুন্নাহ ফাউন্ডেশন এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।