মেট্রোর ছয়টি স্টেশন ঘিরে স্মার্ট সিটি বসুন্ধরার যাত্রা
রাজধানীর যোগাযোগব্যবস্থায় আসছে এক যুগান্তকারী পরিবর্তন, যার কেন্দ্রবিন্দুতে থাকছে বসুন্ধরা আবাসিক এলাকা। মেট্রোরেল প্রকল্প এমআরটি-১ ও এমআরটি-৫-এর আওতায় বসুন্ধরাসহ আশপাশের এলাকায় ছয়টি আধুনিক স্টেশন নির্মাণের কাজ চলছে। স্টেশনগুলো হচ্ছে: ভাটারা, নতুন বাজার, নর্দা, জোয়ার সাহারা, বসুন্ধরা এবং মস্তুল।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব স্টেশন চালু হলে ঢাকার যেকোনো প্রান্ত থেকে বসুন্ধরায় যাতায়াত হবে আরও সহজ, দ্রুত ও যানজটমুক্ত। এতে সময় যেমন সাশ্রয় হবে, তেমনি রাজধানীতে নতুন একটি স্মার্ট নেটওয়ার্ক গড়ে উঠবে।
এই উন্নয়ন শুধু বসুন্ধরাকে একটি আধুনিক আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলবে না, বরং ঢাকার “যোগাযোগ কেন্দ্রবিন্দু” বা “সেন্টার অব কানেক্টিভিটি” হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করবে। স্মার্ট যোগাযোগব্যবস্থার মাধ্যমে বসুন্ধরা ভবিষ্যতের একটি পূর্ণাঙ্গ স্মার্ট সিটিতে রূপ নেবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা।