জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বার্তায় জানানো হয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল পাঁচটায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের উপস্থিতিতে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অধ্যাপক ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে একই দিন মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হবে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। বিকেল ৫টায় ঘোষণাপত্র পাঠের পর সন্ধ্যা সাড়ে ৭টায় হবে বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় ব্যান্ডদলের সংগীত পরিবেশনা।
এ উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।