আজিজ খান ও এস আলমের সম্পদ জব্দ নিয়ে দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন
আলোচিত দুই ব্যবসায়ী মুহাম্মদ আজিজ খান ও সাইফুল আলম মাসুদ (এস আলম) এবং তাদের পরিবারের ব্যাংক হিসাব ও সম্পদ জব্দের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ পাচারের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ কর্তৃপক্ষ সিঙ্গাপুরে বসবাসকারী এই দুই ব্যবসায়ীর ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ করেছে। তবে উভয় ব্যবসায়ীই অভিযোগ অস্বীকার করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, মুহাম্মদ আজিজ খান বিদ্যুৎ, বন্দর অবকাঠামো, যোগাযোগ ও রিয়েল এস্টেট খাতে ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি সংবাদমাধ্যমটিকে জানান, তার ও পরিবারের বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তারা সরকারের যেকোনো তদন্তে সহযোগিতা করছেন। তিনি বলেন, শেষ পর্যন্ত তারা নির্দোষ প্রমাণিত হবেন বলে আশাবাদী।
অন্যদিকে, এস আলম নামে পরিচিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ খাদ্য উৎপাদন, জ্বালানি, পরিবহন ও যোগাযোগ খাতে ব্যবসা পরিচালনা করেন। তার ও তার পরিবারের বিরুদ্ধেও তদন্ত চলছে এবং এর ফলে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে তার ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে বলেও জানানো হয়েছে।
২০২৫ সালের ডিসেম্বরে মানি লন্ডারিং প্রতিরোধ ও পাচার তহবিল পুনরুদ্ধারবিষয়ক জাতীয় সমন্বয় কমিটি (এনসিসি) দেশের ১০টি বড় ব্যবসায়িক গ্রুপের প্রায় ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করে। সংশ্লিষ্ট ব্যবসায়ী গ্রুপগুলো এর আওতায় ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মুহাম্মদ আজিজ খান বলেন, বর্তমান পরিস্থিতির কারণে তাদের ব্যবসায়িক পরিকল্পনা ও নতুন বিনিয়োগ কার্যক্রম বিলম্বিত হচ্ছে। তবে দুই ব্যবসায়ীই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি নিজেদের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার কথা জানিয়েছেন।
সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস