সাতকানিয়ায় এক হাজার টন খেজুর মজুদ, হিমাগার ম্যানেজারকে জরিমানা
পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুরের চাহিদা বাড়ায় অতিরিক্ত মজুদের অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়ায় একটি হিমাগারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় এক হাজার টন খেজুর মজুদ রাখার দায়ে হিমাগারের ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাগরিয়া এলাকায় অবস্থিত বার আউলিয়া হিমাগার প্রা. লি.-তে এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ খেজুর মজুদের গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে হিমাগারে প্রায় এক হাজার টন খেজুর সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে হিমাগারের ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মজুদ করা খেজুর আগামী সাত দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে খেজুরের প্রকৃত মালিকদের নাম এবং মজুদের সঠিক পরিমাণ দ্রুত প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
হিমাগারের ম্যানেজার মো. রমজান আলী দাবি করেন, বিভিন্ন ব্যবসায়ী এক মাস আগে থেকে খেজুর হিমাগারে সংরক্ষণ করে আসছেন। তার মতে, মোট ২৪ হাজার বস্তা খেজুর আনা হলেও এর মধ্যে প্রায় ১৮ হাজার বস্তা ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে প্রায় ৬ হাজার বস্তা রয়েছে, যা দ্রুত সরিয়ে নেওয়া হবে।
প্রসঙ্গত, রমজান উপলক্ষে কিছু আড়তদারের অতিরিক্ত মজুদের কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়ে সাধারণ ভোক্তারা ভোগান্তিতে পড়েন এবং অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন।