রমজান শুরুর আগেই বাজারে আগুন
পবিত্র রমজান শুরু হতেই রাজধানীর কাঁচাবাজার ও ইফতারসামগ্রীর দোকানগুলোতে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি স্পষ্ট হয়ে উঠেছে। গত বছরের তুলনায় এবার ইফতারের প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। সরবরাহ স্বাভাবিক রাখার সরকারি আশ্বাস থাকলেও বাজারের এই ঊর্ধ্বমুখী দামে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্য ও নিম্নআয়ের মানুষ।
ইফতারের জনপ্রিয় পানীয় লেবুর শরবত তৈরির প্রধান উপকরণ লেবুর দাম এবার অস্বাভাবিকভাবে বেড়েছে। শনিবার রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে দেখা যায়, প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যা গত বছর একই সময়ে ছিল ৪০ থেকে ৫০ টাকা। অর্থাৎ লেবুর দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে একটি মাঝারি লেবুর দাম পড়ছে ২০ থেকে ২৫ টাকা, যেখানে গত বছর তা ছিল ১০ থেকে ১৫ টাকার মধ্যে।
লেবুর শরবত তৈরিতে ব্যবহৃত চিনির দামও বেড়েছে। এক গ্লাস শরবত বানাতে দুই থেকে তিন টাকার চিনি লাগলেও গত বছরের তুলনায় প্রতি কেজি চিনির দাম বেড়েছে প্রায় ১০ টাকা।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, একটি সাধারণ ইফতার প্লেটে বেগুনি, আলুর চপ, পিঁয়াজু, ডিমচপ, খেজুর, মুড়ি, শসা, ছোলা, জিলাপি, বুন্দিয়া, আপেল, কলা, মাল্টা ও আঙুর রাখতে গেলে এখন খরচ পড়ছে প্রায় ১৬৮ টাকা। অথচ গত বছর একই পণ্য কিনতে প্রায় ৩৪ টাকা কম লাগত। সে হিসাবে ইফতার সামগ্রীর গড় মূল্য বেড়েছে প্রায় ২৬ শতাংশ।
ইফতারের অন্যতম প্রধান অনুষঙ্গ খেজুরের দামও ঊর্ধ্বমুখী। বাজারে এক কেজি বরই খেজুর বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে।