বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাবিদ্যুৎ খাতে ৪৫ হাজার কোটি টাকার বকেয়া, ‘দেউলিয়া পরিস্থিতি’ মোকাবিলায় চাপে সরকার

বিদ্যুৎ খাতে ৪৫ হাজার কোটি টাকার বকেয়া, ‘দেউলিয়া পরিস্থিতি’ মোকাবিলায় চাপে সরকার

favicon
ভোরের আলো ডেস্ক:
বিদ্যুৎ খাতে ৪৫ হাজার কোটি টাকার বকেয়া, ‘দেউলিয়া পরিস্থিতি’ মোকাবিলায় চাপে সরকার

বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ দেনা নিয়ে নতুন সরকার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেশি-বিদেশি কোম্পানির কাছে প্রায় ৪৫ হাজার কোটি টাকা বকেয়া থাকায় আসন্ন গ্রীষ্ম ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা প্রায় ১৩ হাজার মেগাওয়াটে পৌঁছেছে। বিদ্যুৎ বিভাগের ধারণা, চলতি বছরে সর্বোচ্চ চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াতে পারে। এ পরিস্থিতি সামাল দিতে গ্যাস, কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, অর্থসংস্থান করে পরিস্থিতি মোকাবিলায় কার্যত ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট’ করতে হবে, কারণ বিদ্যুৎ খাত আর্থিকভাবে বড় সংকটে রয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, জ্বালানি আমদানি বাড়াতে হলে ডলারের ওপর চাপ তৈরি হবে, যা সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেন, গরম বাড়লে লোডশেডিংয়ের ঝুঁকি বাড়তে পারে।

সরকারি তথ্য অনুযায়ী, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে ১৩৬টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে এবং মোট স্থাপিত উৎপাদন সক্ষমতা প্রায় ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট। দেশে বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় ৪ কোটি ৯৪ লাখ। তবে বকেয়া বিলের কারণে অনেক বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান গত সাত-আট মাস ধরে অর্থ পাচ্ছে না।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করীম জানান, দীর্ঘদিন ধরে ভর্তুকি ঘাটতি ও অর্থ সংকটের কারণে বকেয়া ধাপে ধাপে বেড়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে। অন্যদিকে সাবেক জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত অর্থ ছাড় না পাওয়াই বিল পরিশোধে বিলম্বের প্রধান কারণ।

বিদ্যুৎ উৎপাদন সংশ্লিষ্ট বেসরকারি কোম্পানিগুলো সতর্ক করে জানিয়েছে, দ্রুত বকেয়া পরিশোধ শুরু না হলে গ্রীষ্মকালে প্রয়োজনীয় জ্বালানি আমদানি ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে।