শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাহরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির, বৈশ্বিক জ্বালানি ও শেয়ারবাজারে অস্থিরতা

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির, বৈশ্বিক জ্বালানি ও শেয়ারবাজারে অস্থিরতা

favicon
ভোরের আলো ডেস্ক:
হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির, বৈশ্বিক জ্বালানি ও শেয়ারবাজারে অস্থিরতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে বিশ্বে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ওই পথে জাহাজ চালালে তা লক্ষ্য করে হামলা চালানো হবে।

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার জেরে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের আকাশপথেও বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। কয়েক দিনে ৫ শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন দেশের বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন, ব্যাহত হচ্ছে পণ্য পরিবহনও।

বিশ্বের তেল উৎপাদনকারী কোম্পানিগুলো ইতোমধ্যে ব্যারেলপ্রতি অন্তত ২০ ডলার পর্যন্ত তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ারবাজারে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বড় বড় শেয়ারবাজারে টানা কয়েক দিন ধরে অস্থিরতা বিরাজ করছে। যুক্তরাজ্যের বাজারে এক মাসের মধ্যে সর্বোচ্চ পতন দেখা গেছে।

জাপানের শেয়ারবাজারে কয়েক দিনে ৭ শতাংশের বেশি সূচক পতন হয়েছে। একই প্রভাবে বাংলাদেশের শেয়ারবাজারেও বড় ধস নেমেছে। তবে চীনের প্রধান শেয়ার সূচকগুলো ইতিবাচক ধারায় রয়েছে বলে জানা গেছে।

এদিকে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে গম, ভুট্টা ও সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক খাদ্য সরবরাহ শৃঙ্খল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এবং খাদ্যপণ্যের দাম আরও বাড়তে পারে।