টানা সাত মাস মন্দায় পোশাক রপ্তানি, কমেছে সামগ্রিক রপ্তানি আয়
দেশের তৈরি পোশাক খাতে টানা সাত মাস ধরে মন্দাভাব চলছে। এর প্রভাবে সামগ্রিক রপ্তানি আয়ও কমেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে মোট রপ্তানি আয় ৩ দশমিক ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯০ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।
রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে ফেব্রুয়ারি মাসে আয় কমেছে ১৩ দশমিক ২১ শতাংশ। এ মাসে আয় হয়েছে ২ দশমিক ৮১ বিলিয়ন ডলার, যেখানে গত বছরের ফেব্রুয়ারিতে ছিল ৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার।
জুলাই-ফেব্রুয়ারি সময়ে তৈরি পোশাক খাতের মোট রপ্তানি আয় ৩ দশমিক ৭৩ শতাংশ কমে ২৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরে ছিল ২৬ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। এ তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
ইপিবির তথ্য অনুযায়ী, আগস্টে পোশাক রপ্তানি কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ, সেপ্টেম্বরে ৫ দশমিক ৬৬ শতাংশ এবং অক্টোবরে ৮ দশমিক ৩৯ শতাংশ। নভেম্বরে কমেছে ৫ শতাংশ, ডিসেম্বরে ১৪ দশমিক ২৩ শতাংশ এবং জানুয়ারিতে ১ দশমিক ৩৫ শতাংশ।
ফেব্রুয়ারিতে ওভেন পোশাক রপ্তানি কমেছে ২ দশমিক ৭৯ শতাংশ এবং নিট পোশাক রপ্তানি কমেছে ৪ দশমিক ৫৬ শতাংশ। গত অর্থবছরের ফেব্রুয়ারিতে ওভেন পোশাক রপ্তানি হয়েছিল ১৫৯ কোটি ডলার, যা এ বছর কমে দাঁড়িয়েছে ১৪১ কোটি ডলারে। একইভাবে নিট পোশাক রপ্তানি গত বছরের ফেব্রুয়ারিতে ছিল ১৬৫ কোটি ডলার, যা চলতি অর্থবছরে কমে হয়েছে ১৩৯ কোটি ডলার।
বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ক্রয়াদেশ কমে যাওয়াই এ মন্দার প্রধান কারণ।