শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাযুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের আহ্বান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের আহ্বান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের আহ্বান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের জন্য বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতারা। তাদের দাবি, অন্তর্বর্তী সরকার জনমত উপেক্ষা করে তড়িঘড়ি করে গোপনে এই চুক্তি সম্পাদন করেছে।


বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পরবর্তীতে মার্কিন ফেডারেল আদালত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করলেও তিনি নির্বাহী আদেশের মাধ্যমে আবারও ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা গ্রহণযোগ্য নয়।


বিবৃতিতে আরও বলা হয়, সরকার চুক্তির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ না করলেও গণমাধ্যমে প্রকাশিত শর্ত অনুযায়ী বাংলাদেশকে ৩৫ হাজার কোটি টাকায় ১৪টি বোয়িং বিমান ক্রয়, বেশি দামে এলএনজি কেনা, তুলা ও গমসহ প্রায় ৪২ হাজার কোটি টাকার কৃষিপণ্য আমদানি এবং যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কেনায় বাধ্য করা হতে পারে, যা দেশের স্বার্থের পরিপন্থি।

নেতারা বলেন, অনির্বাচিত সরকারের করা এমন চুক্তি নির্বাচিত সরকার মানতে বাধ্য নয়।


বিবৃতিতে স্বাক্ষর করেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুসহ বিভিন্ন বাম ও প্রগতিশীল দলের নেতারা।