ঈদের ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
আসন্ন ঈদুল ফিতর-এর দীর্ঘ ছুটিতে গ্রাহকদের নির্বিঘ্ন আর্থিক লেনদেন নিশ্চিত করতে দেশের সব তফসিলি ব্যাংককে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, ঈদের ছুটির সময় যাতে গ্রাহকদের কোনো ধরনের ভোগান্তিতে না পড়তে হয়, সে জন্য ব্যাংকগুলোকে আগাম প্রস্তুতি নিতে হবে।
তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে। কোনো বুথে কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করতে হবে এবং বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ রাখতে হবে। পাশাপাশি এটিএম বুথে সার্বক্ষণিক পাহারাদারসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে।
এছাড়া পয়েন্ট অব সেল (পিওএস) সেবাও সার্বক্ষণিক সচল রাখতে হবে এবং জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।
ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখতে বলা হয়েছে। একই সঙ্গে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।