জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় বন্ধের শঙ্কায় দেশের পেট্রল পাম্প
জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশের সব পেট্রল পাম্প যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রোববার (২২ মার্চ) রাতে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সারা দেশে পেট্রল পাম্পগুলোতে সরবরাহকৃত দৈনিক জ্বালানি চাহিদার তুলনায় অনেক কম হওয়ায় পরিস্থিতি দিন দিন সংকটাপন্ন হয়ে উঠছে। ফলে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
সংগঠনটির দাবি, অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলার কারণে পাম্পে কর্মরতরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় অনেক পাম্পে অল্প সময়েই মজুদ শেষ হয়ে যাচ্ছে, যা স্বাভাবিক অবস্থায় কয়েকদিন চলার কথা ছিল।
তারা অভিযোগ করে বলেছে, কিছু অসাধু ব্যক্তি দিনে একাধিকবার তেল নিয়ে বেশি দামে বিক্রি করছেন। এতে প্রকৃত গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
এ ছাড়া গভীর রাতে সংঘবদ্ধভাবে পাম্পে গিয়ে জোরপূর্বক তেল নেওয়ার ঘটনাও ঘটছে বলে জানানো হয়েছে। কিছু স্থানে লাঠিসোঁটা নিয়ে হামলার মতো ঘটনাও ঘটেছে, যা পাম্প মালিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।
সংগঠনটি আরও জানায়, ডিপো থেকে তেল পরিবহনের সময়ও নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং ট্যাংকার লুট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর নিরাপত্তা নিশ্চিত না করা হলে পাম্প মালিকরা তেল সংগ্রহ ও বিক্রি বন্ধ করতে বাধ্য হতে পারেন।
ঈদের সময় পরিস্থিতি আরও খারাপ হয়েছে উল্লেখ করে তারা জানায়, অনেক পাম্পে জরুরি সেবার জন্য প্রয়োজনীয় জ্বালানি সংরক্ষণ করাও সম্ভব হয়নি। তাই অবিলম্বে নিরাপত্তা জোরদার ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছে সংগঠনটি।