ভারত থেকে পাইপলাইনে আরও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই চালান বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে Padma Oil Company Limited-এর ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী জানান, আগামী ৩১ মার্চের মধ্যে পুরো ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে।
জানা গেছে, এর আগে গত শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছায়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ওই দিন ছুটির মধ্যেও ডিপো খোলা রাখা হয়।
এ ছাড়া গত ২৪ মার্চ ভারতের আসামে অবস্থিত Numaligarh Refinery Limited থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়, যা প্রায় ৬০ ঘণ্টা পর পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছে।
এর আগে চলতি বছরে একই পাইপলাইনের মাধ্যমে তিন ধাপে মোট ১৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই ধারাবাহিক আমদানি দেশের জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।