কর বাড়ানো নয়, করের আওতা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর
দেশের অর্থনীতির বড় একটি অংশ এখনো করের আওতার বাইরে রয়েছে উল্লেখ করে করের হার বাড়ানোর পরিবর্তে করের আওতা বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত “ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসালটেশন অন বাংলাদেশ গ্রেডিশন রেটিনেস অ্যাসেসমেন্ট” শীর্ষক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব আয় বাড়াতে করের হার বৃদ্ধি নয়, বরং করের আওতা বাড়ানোই বেশি কার্যকর হবে। একই সঙ্গে ঋণ ব্যবস্থাপনাকে শক্তিশালী করার ওপরও জোর দেন তিনি।
তিনি আরও বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ এবং চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিকে চ্যালেঞ্জপূর্ণ উল্লেখ করে তিনি অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সুপরিকল্পিত উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।
এ সময় তিনি উল্লেখ করেন, অতীতে কিছু বড় প্রকল্প যথাযথ পরিকল্পনা ছাড়া গ্রহণ করায় দেশের ওপর ঋণের চাপ বেড়েছে। অনেক ক্ষেত্রে প্রকল্প ব্যয় ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থাকায় তা অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।