শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাযুদ্ধবিরতির প্রভাবে কমল তেলের দাম, বিশ্ববাজারে ফিরছে আস্থা

যুদ্ধবিরতির প্রভাবে কমল তেলের দাম, বিশ্ববাজারে ফিরছে আস্থা

favicon
ভোরের আলো ডেস্ক:
যুদ্ধবিরতির প্রভাবে কমল তেলের দাম, বিশ্ববাজারে ফিরছে আস্থা

যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চুক্তির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তে তেলের দাম কমেছে উল্লেখযোগ্য হারে এবং বিশ্ব শেয়ারবাজারে ফিরেছে আস্থা। এ তথ্য জানিয়েছে BBC

উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই কিছুটা স্বস্তি মিলেছে। বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১৫.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২.৩০ ডলারে নেমে এসেছে। একইভাবে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম প্রায় ১৬.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৩.৮০ ডলারে।

তবে সংঘাত শুরুর আগের তুলনায় দাম এখনো বেশি। গত ২৮ ফেব্রুয়ারির আগে তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার প্রতি ব্যারেল।

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় জ্বালানির খরচ বেড়ে গিয়েছিল। এর আগে ইরান হুমকি দিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তারা হরমুজ প্রণালি ব্যবহার করা জাহাজে আঘাত হানতে পারে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানের ওপর হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন, শর্ত হলো প্রণালিটি দ্রুত ও নিরাপদভাবে খুলে দেওয়া।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরানের ওপর হামলা বন্ধ হলে তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হবে এবং হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে।

যুদ্ধবিরতির ফলে প্রণালির কাছে আটকে থাকা তেলবাহী জাহাজগুলো আবার চলাচল শুরু করতে পারে, যা বাজারে স্বস্তি আনবে। তবে বিশ্লেষকদের মতে, স্থায়ী শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের জ্বালানি উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।