দেশে বাড়ছে হাম সংক্রমণ, ঝুঁকিতে গর্ভবতী নারীরাও
দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এ সংক্রমণ বাড়তি স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
তাদের মতে, সময়মতো টিকাদান না হওয়া এবং ভাইরাসের দ্রুত বিস্তারের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা বলছেন, গর্ভাবস্থায় হাম হলে মা ও অনাগত শিশুর জন্য জটিলতা তৈরি হতে পারে। তাই উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
রাজধানীর মিরপুরের বাসিন্দা সাত মাসের অন্তঃসত্ত্বা রুমানা আক্তারের (ছদ্মনাম) পাঁচ বছরের ছেলে কয়েকদিন আগে হামে আক্রান্ত হয়। প্রথমে জ্বর এবং পরে শরীরে লালচে দানা দেখা দিলে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা নিশ্চিত করেন, শিশুটি হাম আক্রান্ত।
ছেলেকে দেখাশোনা করতে গিয়ে কয়েকদিনের মধ্যেই জ্বর ও দুর্বলতায় ভুগতে শুরু করেন রুমানা। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে জানা যায়, তিনিও হামে আক্রান্ত হয়েছেন।
রুমানা বলেন, “শিশুর পাশে তো থাকতেই হয়। কিন্তু পরে ডাক্তার বললেন, গর্ভাবস্থায় হাম হলে বাচ্চার জন্যও ঝুঁকি থাকতে পারে। তখন খুব ভয় পেয়েছিলাম।”
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১২ মে) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৮৮১ শিশু। এর মধ্যে শনাক্ত হয়েছে ৭ হাজার ২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ হাজার ৮৭৭ শিশু। এছাড়া হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪২৪ জনের।
বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে দ্রুত অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তাই শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।