নেইমারকে নিয়ে অনিশ্চয়তা, চূড়ান্ত দলে নিশ্চয়তা দিচ্ছেন না আনচেলত্তি
নেইমারকে ঘিরে ব্রাজিলজুড়ে আলোচনা এখন তুঙ্গে। ২০২৬ বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেলেও চূড়ান্ত স্কোয়াডে তার থাকা এখনো নিশ্চিত নয়। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র নাম বা অতীতের অর্জনের ভিত্তিতে কাউকে দলে নেওয়া হবে না।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমারের প্রতিভা ও অভিজ্ঞতা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দীর্ঘদিনের ইনজুরি এবং ম্যাচ ফিটনেস এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তার মতে, বিশ্বকাপের মতো বড় আসরে খেলতে হলে পুরোপুরি প্রস্তুত থাকা জরুরি।
আনচেলত্তি বলেন, “দল নির্বাচন করতে গেলে অনেক কিছু বিবেচনা করতে হয়। নেইমার এই দেশের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে সবসময় নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে। কিন্তু ইনজুরির সমস্যাও ছিল। এখন সে কঠোর পরিশ্রম করছে এবং আগের চেয়ে অনেক উন্নতি করেছে।”
বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস–এর হয়ে খেলছেন নেইমার। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও এখনো আগের ধারাবাহিকতা পুরোপুরি ফিরে পাননি তিনি। তাই বিশ্বকাপের চূড়ান্ত দলে তার জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।