চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে একাধিক কর্মসূচি
তারেক রহমান আজ শনিবার চাঁদপুর সফরে গেছেন। সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে সড়কপথে তিনি রওনা হন। সফরকালে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার কুমারডুগি-ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।
দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে তারেক রহমানের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সফরটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিভিন্ন কর্মসূচির স্থান ইতোমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।