অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর সময় প্রয়োজন: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় স্বাবলম্বী করতে কমপক্ষে আরও দুই বছর সময় প্রয়োজন।
বুধবার সকালে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
তথ্যমন্ত্রী বলেন, “আমরা উত্তরাধিকার সূত্রে বিগত সরকারের বিপুল ঋণের বোঝা পেয়েছি। প্রতিবছর ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। রপ্তানি আয় ও রেমিট্যান্সের তুলনায় আমদানিতে অনেক বেশি ব্যয় হচ্ছে।”
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধার করা একটি কঠিন চ্যালেঞ্জ এবং এর জন্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। কঠোর পরিশ্রম ও স্থিতিশীল পরিবেশ ছাড়া অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, অতীতে রাষ্ট্রক্ষমতায় থাকা ব্যক্তিরা জনগণের মধ্যে বিভাজন ও ধর্মীয় বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। তবে বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক বিতর্ক চলবে, তবে সেই বিতর্ককে কেন্দ্র করে কেউ যাতে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে আলেম-ওলামাদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, সামাজিক স্থিতিশীলতা রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।