মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে সচিবালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে সচিবালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে সচিবালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী

সারাদিন নোয়াখালীর স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে ক্লান্ত শরীর নিয়েও সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম চালিয়েছেন তিনি।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন। এরপর একে একে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে অংশ নেন তিনি।


এর আগে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যেতে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে বের হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন তিনি। বেলা সাড়ে ১১টায় তাঁকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে।


স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে বিশেষ বাহিনীর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।


এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।


বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।


মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। এরপর সচিবালয়ে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যান তিনি।