সাবেক এমপি আজিজুল ইসলাম লালমাটিয়া থেকে গ্রেফতার
যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, আজিজুল ইসলামের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম।
তিনি একসময় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তী সময়ে জেলা পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হন তিনি।