সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি

বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি

favicon
ভোরের আলো ডেস্ক:
বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি

চলতি মাসে দুটি ঘূর্ণিঝড়ের পর বঙ্গোপসাগরে এখন মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


সোমবার (২৩ নভেম্বর) আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


এই পরিস্থিতিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।


এদিকে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার (২৬-২৮ নভেম্বর) দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।