প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সংলাপে বসছে এনসিপি
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে সংলাপ শুরু হবে। বৈঠকটি প্রায় এক ঘণ্টা চলতে পারে।
এর আগে রোববার (২২ নভেম্বর) রাতে নাহিদ ইসলামের বাসায় বৈঠক করেন এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের নেতারা। ওই বৈঠকে সংলাপে নাহিদ ইসলামের সঙ্গে দলের সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়।
জাতীয় সংসদের চিফ হুইপ টেলিফোনে এনসিপিকে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি জানান, চলমান নাশকতা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর মতামত নেবেন এবং এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরবেন। তরুণদের দল এনসিপিকে দিয়ে এ সংলাপ শুরু হচ্ছে।
জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলকেও পর্যায়ক্রমে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে। জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা বিদেশ সফর থেকে ফেরার পর আগামী ২৭ বা ২৮ নভেম্বর দলটির সঙ্গে সংলাপের সম্ভাবনা রয়েছে।
এর আগে জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশন শেষে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। পরে লালমনিরহাটের জনসভায়ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আহ্বান জানান সরকারপ্রধান।