সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের দ্রুত বিচারের আহ্বান ইউনূসের

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের দ্রুত বিচারের আহ্বান ইউনূসের

favicon
ভোরের আলো ডেস্ক:
গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের দ্রুত বিচারের আহ্বান ইউনূসের

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।


সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।


পোস্টে অধ্যাপক ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তার নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ওই বাড়ি থেকেই তার কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। বর্তমানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন।


গ্রামীণ ব্যাংকের ওপর হামলাকে পরিকল্পিত ও ধারাবাহিক উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন একটি বিশ্বস্বীকৃত ব্যাংক। ২০ বছর আগে নোবেল কমিটি প্রতিষ্ঠানটিকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করে। এ বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।


তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এ মডেল আন্তর্জাতিকভাবে সমাদৃত। ব্যাংকটি নারীদের আর্থিক সক্ষমতা অর্জন, মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনীতিতে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সুযোগ সৃষ্টি করেছে।


অধ্যাপক ইউনূস জানান, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশ নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব নারীই ব্যাংকের মালিক। ফলে ব্যাংকের ওপর হামলা তাদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।


তার দাবি, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিন পেট্রোলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। হামলার ধরন দেখে মনে হচ্ছে, অপরাধীদের পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব সহিংসতা লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে আতঙ্ক সৃষ্টি করেছে। তাদের কাছে ব্যাংকটি পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও জীবনযাপনের প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।


ইউনূসের ভাষ্য, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকে সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।


হামলাকারীরা গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের। ব্যাংকটির মালিকানা বা পরিচালনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে ইউনূস বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির পরিচালনা বা ব্যবস্থাপনায় তার কোনো ভূমিকা নেই। তিনি কখনো গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক ছিলেন না।


গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে বলেও জানান তিনি।


দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক ইউনূস। হামলার ঘটনাগুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।


এ ছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতি এসব হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।