শেখ হাসিনার প্রত্যর্পণে এখন আর আইনি বাধা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
শেখ হাসিনার প্রত্যর্পণে এখন আর কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাওয়ায় তাঁর প্রত্যর্পণের বিষয়ে এখন আর আইনি জটিলতা নেই। তবে তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা হচ্ছে না। এ আলোচনা হবে ভারতের সঙ্গে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা আদালতে দোষী সাব্যস্ত হয়ে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি ভারতের বিমানে, নাকি হেঁটে আসবেন—কীভাবে তাঁকে হস্তান্তর করা হবে, তা ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
সম্প্রতি নড়াইলে হামলার ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচার ছড়ানোর বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ঘটনাটি নিয়ে ভারতে ব্যাপক অপতথ্য প্রচার অভিযান শুরু হয়েছে। এটি নতুন কিছু নয়। ৫ আগস্টের পরও বিভিন্ন ঘটনা নিয়ে দেশটির মূলধারার গণমাধ্যমে এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে। বাংলাদেশের অনেক সংবাদমাধ্যম সেসব তথ্যের সত্যতা যাচাই করে ভুল প্রমাণ করেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এ ধরনের অপতথ্য প্রচার দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয়। বরং এতে সমস্যা ও জটিলতা আরও বাড়তে পারে। এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকতে ভারত সরকার ও দেশটির গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এ বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান।