ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরির নির্দেশ ইসির
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের উপযোগী কর্মকর্তা-কর্মচারীদের তালিকা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকদের তালিকা সংগ্রহ করতে হবে। এসব তালিকার ভিত্তিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করতে হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পদভিত্তিক তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, প্রিজাইডিং অফিসার হিসেবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা যাবে। ক্ষেত্রবিশেষে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তারাও এ দায়িত্ব পালনের জন্য বিবেচিত হবেন।
এ ছাড়া সরকারি ও সরকার অনুমোদিত কলেজ, মাদরাসা ও উচ্চবিদ্যালয়ের শিক্ষক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা ও করপোরেশনের কর্মকর্তাদেরও প্রিজাইডিং অফিসার নিয়োগের প্যানেলে অন্তর্ভুক্ত করা যাবে।
ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।