হাম উপসর্গে শিশুমৃত্যু অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার (৩১ মে) প্রকাশিত এক বার্তায় স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৫৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ জন, আর বাকি ৪৯৫ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ৩২৪ শিশুর শরীরে হাম উপসর্গ শনাক্ত করা হয়েছে।
এছাড়া এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৯ জনে। একই সময়ে সন্দেহজনকভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের এই ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে, তাই দ্রুত টিকাদান ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানো জরুরি।