দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২০৫ জন
দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ৬৯ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ৯১ জন হামের নিশ্চিত সংক্রমণে মারা গেছে।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৫ হাজার ৭০৮ শিশুর মধ্যে। এর মধ্যে ৬১ হাজার ১৯৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৫৭ হাজার ০৪৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্ত এলাকায় চিকিৎসা ও টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছেন।