২৪ ঘণ্টায় হামে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,১১৯
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৯ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২৪ জনে পৌঁছেছে।
এদিকে একই ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।