অর্থনীতি পুনরুদ্ধারে সরকারকে সময় দেওয়ার আহ্বান আবু আহমেদের
দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, বড় বাজেট নিজেই সমস্যা নয়; বরং বাজেট বাস্তবায়নের সক্ষমতা ও দক্ষতা বাড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রাজধানীর এফডিসিতে ‘বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে এবারের বাজেট’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
অধ্যাপক আবু আহমেদ বলেন, একটি নির্বাচিত সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য বড় বাজেট প্রণয়ন করতেই পারে। তবে এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তার মতে, অর্থনীতি পুনরুদ্ধারের পথে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদের কারণ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, অতীতের বিভিন্ন বড় প্রকল্পে রাজনৈতিক উদ্দেশ্য ও অনিয়মের অভিযোগ ছিল। বর্তমানে সরকার মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তুলনামূলক সতর্কতার সঙ্গে উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে।
অর্থনীতির গতি বাড়াতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। আবু আহমেদের মতে, বিদেশি বিনিয়োগ আকর্ষণে করপোরেট করের হার প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা প্রয়োজন। ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও সিঙ্গাপুরের তুলনায় বাংলাদেশের করহার বেশি হলে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা কঠিন হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতিমূল্যায়িত উন্নয়ন প্রকল্পের কারণে অর্থনীতিতে দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি হয়েছে। তিনি অপচয় রোধ, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দেন।
বিতর্ক প্রতিযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা কলেজের বিতার্কিকরা।