দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৮৮
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৯৩ জন এবং নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৮ জনে।
রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১ শিশু।
এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৯৬ হাজার ৫২১ জন হাসপাতাল ছেড়েছেন।
হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।