ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যান’ বলেও রক্ষা নয়, সরকার এগ্রোকে ৩ লাখ টাকা জরিমানা
গাজীপুরে অনুমোদন ছাড়াই প্রাণী খাদ্য উৎপাদন, ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার এবং প্রতারণামূলকভাবে পণ্য বাজারজাত করার অভিযোগে ‘সরকার এগ্রো’ নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার ঘটনাও আলোচনায় আসে।
রোববার (২৬ জুলাই) গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকার মাস্টার ভিলা ভবনের নিচতলায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান। এ সময় মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)-এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘সরকার এগ্রো’ দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই মাছ ও পশুখাদ্য উৎপাদন এবং বাজারজাত করে আসছিল। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি অনলাইনে ভুয়া বিএসটিআই নম্বর ও লোগো ব্যবহার করে এসব পণ্য বিক্রি করছিল।
অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক আজাহার সরকারকে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য ফোন করা হলে তিনি না এসে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় তিনি বলেন, “আপনি যদি আজকে ঠান্ডা খেয়ে চলে যেতেন, তাহলে পরে আমি আপনাদের অফিসে গিয়ে দেখা করতাম।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান জানান, অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। বৈধ লাইসেন্স ছাড়া প্রাণী খাদ্য উৎপাদন, ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার এবং বিভ্রান্তিকর প্রচারণার দায়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মৎস্য ও পশুখাদ্য আইন, বিএসটিআই আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।