গভীর নিম্নচাপের প্রভাবে টানা ৫ দিন দেশজুড়ে ভারি বৃষ্টির পূর্বাভাস
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৭ জুলাই) প্রকাশিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। পাশাপাশি কয়েকটি অঞ্চলে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (২৮ জুলাই) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও বিচ্ছিন্নভাবে ভারি বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে।
বুধবার (২৯ জুলাই) দেশের আটটি বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় ভারি বর্ষণ হতে পারে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৩১ জুলাই) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কয়েকটি এলাকায় ভারি বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।