পাওনা ১০ লাখ টাকা চাওয়ায় নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে লোহা বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মাকসুদা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, মাকসুদা বেগমের ছেলে জজ মিয়া স্থানীয় সাদ্দামের কাছে দুই ট্রাক লোহা বিক্রি করেছিলেন। ওই লোহা বিক্রির পাওনা ১০ লাখ টাকা চাইতে সোমবার রাতে মা মাকসুদা এবং ভাই রাসেলকে সঙ্গে নিয়ে সাদ্দামের কাছে যান জজ মিয়া।
এ সময় পাওনা টাকা নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সাদ্দাম রাসেল ও মাকসুদা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।
পরে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।