চুয়াডাঙ্গায় অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় সরকারি বিধিমালা লঙ্ঘন করে অবৈধভাবে রাসায়নিক সার মজুত এবং অননুমোদিত কীটনাশক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫৬ বস্তা রাসায়নিক সার ও বিপুল পরিমাণ অননুমোদিত কীটনাশক জব্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম সোহাগ মিয়া। তিনি মোমিনপুর ইউনিয়নের আবু বক্কর মাস্টারের ছেলে এবং স্থানীয় সোহাগ স্টোরের স্বত্বাধিকারী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী বাজারে সোহাগ স্টোরে অভিযান চালিয়ে বৈধ অনুমোদন ও ডিলারশিপের প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ রাসায়নিক সার মজুতের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি দোকানটিতে বিভিন্ন কোম্পানির অননুমোদিত কীটনাশক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল।
এসব অপরাধে সার ব্যবস্থাপনা আইন ও সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের দায়ে ব্যবসায়ী সোহাগ মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জব্দ করা ৫৬ বস্তা সার সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। পরে এসব সার ন্যায্য মূল্যে স্থানীয় প্রকৃত কৃষকদের কাছে উন্মুক্তভাবে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম জানান, স্থানীয় বাজারে কৃত্রিম সার সংকট তৈরি করে কৃষকদের প্রতারিত করা এবং অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে এসব সার অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, সারের বাজার স্থিতিশীল রাখা, অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুতদারি প্রতিরোধ এবং প্রান্তিক কৃষকদের স্বার্থ রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।