খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক, দুই হাত গুরুতর জখম
খুলনায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। ছিনতাইকারীরা তাঁর মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি চাপাতি দিয়ে কুপিয়ে তাঁর দুই হাত জখম করেছে। এ ঘটনায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে খুলনা জেলা পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দায়িত্ব পালন শেষে গভীর রাতে সাদা পোশাকে রূপসা ফেরি পার হয়ে রিকশায় খুলনা মহানগরীর পুলিশ ক্লাবে যাচ্ছিলেন পুলিশ পরিদর্শক শাহ আলম। পথে মহানগরীর কলেজিয়েট স্কুলের কাছে তিন ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।
এ সময় ছিনতাইকারীরা তাঁর মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের একজন চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তাঁর দুই হাত গুরুতরভাবে জখম হয়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে পুলিশ হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁকে এক ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তী সময়ে খুলনার পুলিশ সুপার ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
তবে সাপ্তাহিক ছুটির কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বল্পতা থাকায় তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর দুই হাতেই সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
পুলিশ পরিদর্শকের ওপর এ হামলার পর খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।