রবিবার , ১১ অক্টোবর ২০২৬
রবিবার , ১১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › উড্ডয়নের পর বিমানের পেছনের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় নিরাপদে অবতরণ

উড্ডয়নের পর বিমানের পেছনের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় নিরাপদে অবতরণ

favicon
ভোরের আলো ডেস্ক:
উড্ডয়নের পর বিমানের পেছনের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় নিরাপদে অবতরণ

কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পরপরই বিচ্ছিন্ন হয়ে যায়। তবে পরে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। এতে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।


শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বেলা ৩টা ১০ মিনিটে উড়োজাহাজটি ঢাকার বিমানবন্দরে অবতরণ করে।


জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬ উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে জরুরি বার্তা পাঠান।


পরিস্থিতি বিবেচনায় নিয়ে উড়োজাহাজটি নিরাপদে অবতরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। অবতরণের আগে জ্বালানি কমাতে উড়োজাহাজটিকে আকাশে কয়েকবার চক্কর দিতে হয় এবং জ্বালানি ফেলে দেওয়া হয়। এ সময় বিমানবন্দরে জরুরি নিরাপত্তাব্যবস্থাও প্রস্তুত রাখা হয়।


উড়োজাহাজটি নিরাপদে অবতরণের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়।


ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, উড়োজাহাজে থাকা সবাই নিরাপদ রয়েছেন।