শৈলকুপায় শালিসি বৈঠকে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
ঝিনাইদহের শৈলকুপায় শালিসি বৈঠক চলাকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার বড়মৌকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাদকসেবনের সন্দেহে একই গ্রামের শাওন হোসেন নামে এক যুবককে পুলিশ আটক করেছিল। পরে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে শাওন হোসেনের সঙ্গে গ্রামের শামীম হোসেনের বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, শাওনের বিরুদ্ধে শামীম শত্রুতাবশত পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ করেছিলেন। বিষয়টি নিয়ে বুধবার রাতে গ্রামে শালিসি বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শালিসি বৈঠক চলাকালে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।